কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি:পটুয়াখালীর কুয়াকাটায় ইয়াবা পরিবহনের অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে প্রশাসন। রবিবার দিবাগত রাত ১২ টার দিকে আটককৃতদের মধ্যে কুয়াকাটা পৌর শ্রমিকদলের সহ-সভাপতি জাকির (৪৪)-কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৪২(১) ধারায় ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। অনাদায়ে তাকে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড। অপরদিকে, দুলাল (৪০)-এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।অভিযানকালে তাদের কাছ থেকে মোট ৩০ পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদিকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদিক বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান সম্পূর্ণ জিরো টলারেন্স। কুয়াকাটাকে একটি নিরাপদ পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক সংশ্লিষ্ট কাউকেই কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। তিনি আরও বলেন, মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণকেও সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা পালন করতে হবে। প্রশাসনের এ ধরনের অভিযান মাদক নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সচেতন মহল।