নিজস্ব সংবাদদাতা: নতুন জিমখানা এলাকায় রাব্বি’র বাড়িতে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র সহ ৫ জনকে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ। মঙ্গলবার (২৪ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায়- গ্রেফতার কৃতরা হলেন- মোঃ রাব্বি হাসান (৪৩), হৃদয় (২৭), মোঃ পাভেল (৪২), মোঃ হাসান (৪১) ও আব্দুল মান্নান।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম জানান- নতুন জিমখানা এলাকায় রাব্বি’র বাড়িতে বিপুল পরিমাণ মাদক কেনা-বেচা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে ও-ই বাড়ি হতে ৫ জনকে আটক করা হয়। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
তিনি আরও জানান- প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে- গ্রেফতার কৃতরা এ-সব অস্ত্র ব্যবহার করে শহরে নাশকতা, ছিনতাই ও ডাকাতির মতো অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করতো। মাদক, চুরি ও ছিনতাইয়ের বিরুদ্ধে প্রশাসনের অবস্থান অত্যন্ত কঠোর। অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না এবং এ ধরনের অপরাধ নির্মূলে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে। গ্রেফতার কৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে পুলিশ নিশ্চিত করেছে।