শিবপুর,(নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর শিবপুর উপজেলা পর্যায়ের দপ্তর প্রধানদের সঙ্গে পরিচিতি ও প্রথম মতবিনিময় সভায় কঠোর হুঁশিয়ারি দিয়েছেন শিবপুর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোছা: ফারজানা ইয়াসমিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৩ শিবপুর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মনজুর এলাহী। অনুষ্ঠানে প্রধান অতিথি সার্বিক সহযোগিতা কামনা করে বলেন, “নিজ নির্বাচনি এলাকাকে মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করে একটি আধুনিক ও বাসযোগ্য উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন নবনির্বাচিত সংসদ সদস্য।
নির্বাচনের পর প্রথম উপজেলা পর্যায়ের দপ্তর প্রধানদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ অঙ্গীকার ব্যক্ত করেন। নবনির্বাচিত এমপি বলেন, “জনগণের ভোটে নির্বাচিত হয়ে আমি গর্বিত ও কৃতজ্ঞ। এখন আমার প্রথম দায়িত্ব হবে এলাকায় শান্তি-শৃঙ্খলা নিশ্চিত করা। মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে।” তিনি আরও বলেন, তরুণ সমাজকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করতে সচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে বিশেষ অভিযান পরিচালনা করা হবে। সন্ত্রাস ও চাঁদাবাজির মতো অপরাধ দমনে প্রশাসনকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। দুর্নীতির বিষয়ে এমপি স্পষ্টভাবে জানান, সরকারি উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না।
জনগণের অংশগ্রহণে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন। এদিকে স্থানীয় বাসিন্দারা নবনির্বাচিত এমপির এ ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। তারা আশা করছেন, তাঁর নেতৃত্বে এলাকায় ইতিবাচক পরিবর্তন আসবে এবং একটি শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ গড়ে উঠবে। সভায় নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি তোফাজ্জল হোসেন মাস্টার, উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিস রিকাবদার, সহকারী কমিশনার (ভূমি) মুহ. আবদুর রহিম, থানার ওসি মোহাম্মদ কোহিনুর মিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সালেক রিকাবদার, উপজেলা ইঞ্জিনিয়ার খোন্দকার গোলাম শওকত. উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মোসতানশির বিল্লাহ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলতাফ হোসেন, সমাজসেবা কর্মকর্তা আবু রায়হানসহ উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।