মোঃ পন্ডিত হোসেন বিশেষ প্রতিনিধি: ফতুল্লা লামাপাড়া এলাকার পিটালিপুলে জুটের (ঝুট) গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৪ এপ্রিল) দুপুর প্রায় ১২টার দিকে এ ঘটনা ঘটে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও ফায়ার সার্ভিসের দ্রুত হস্তক্ষেপে বড় ধরনের ক্ষয়ক্ষতি ও প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গোডাউনটিতে হঠাৎ করেই আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের উৎপত্তি। মুহূর্তের মধ্যে আগুন জুটের গুদামে ছড়িয়ে পড়ে এবং দ্রুত ভয়াবহ আকার ধারণ করে।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পর স্থানীয়রা প্রথমে নিজ উদ্যোগে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় তারা ব্যর্থ হন। পরে হাজীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেওয়া হলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুল আলম হুদা জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তারা ঘটনাস্থলে পৌঁছে দেখতে পান আগুন পুরোপুরি জ্বলছে। তাৎক্ষণিকভাবে পানি ও প্রয়োজনীয় সরঞ্জাম ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে আগুন লাগার সময় একজন ব্যক্তি একটি দোকানের ভেতরে আটকা পড়েছিলেন। ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত তাকে নিরাপদে উদ্ধার করতে সক্ষম হন।
এদিকে আগুনের ঘটনায় গোডাউনের ভেতরে থাকা জুটের বেল ও অন্যান্য মালামাল পুরে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।