রাজশাহী প্রতিনিধিঃ ঢাকা-রাজশাহী মহাসড়কে যানবাহনের নিরাপত্তা নিশ্চিত ও সড়কে শৃঙ্খলা ফেরাতে ঝটিকা অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২ এপ্রিল) পুঠিয়া এলাকায় পরিচালিত এই অভিযানে প্রয়োজনীয় কাগজপত্রহীন একটি ড্রাম ট্রাককে বড় অঙ্কের অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযান সূত্রে জানা গেছে, মহাসড়কে বেপরোয়া গতিতে চলাচলকারী এবং ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে স্থানীয় প্রশাসন। এরই অংশ হিসেবে এদিন ট্যাক্স টোকেন, ফিটনেস সার্টিফিকেট ও রুট পারমিটবিহীন ড্রাম ট্রাকের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেন পুঠিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাস।
অভিযান চলাকালে আইন অমান্য করে সড়কে চলাচল করায় একজন ড্রাম ট্রাক চালককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে অন্যান্য যানবাহনের কাগজপত্রও যাচাই করা হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস জানান, মহাসড়কে সাধারণ যাত্রীদের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখা আমাদের অগ্রাধিকার। লাইসেন্সবিহীন ও বেপরোয়া গতির ট্রাকগুলো প্রায়ই দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়। জনস্বার্থে এবং সড়ক নিরাপদ রাখতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।