মোঃ আবু কাওছার মিঠু রূপগঞ্জ(নারায়ণগঞ্জ)প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জাঙ্গীর এলাকার ব্যবসায়ী মাছুম দেওয়ানের(৪৬) বাড়িতে গত ২৯মার্চ রবিবার রাতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকতরা নগদ ৩ লক্ষ ৬০ হাজার টাকা, ১৬ ভরি স্বর্ণালঙ্কার ও মোবাইলফোনসহ ৪০লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায় ।
পুলিশ জানায়, মুখোশ পরিহিত ১০/১২ সদস্যের একদল ডাকাত চাপাতি, চাইনিজ কুড়াল, ছুরি ও পিস্তলসহ দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে বাড়ির নিচ তলার জানালার গ্রিল কেটে মাছুম দেওয়ানের বসতঘরে প্রবেশ করে।
মাছুম দেওয়ান ও তার স্ত্রী মিতু বেগমসহ(৩৫) তার পরিবারের সদস্যদের হাত-পা ও চোখ-মুখ বেঁধে অস্ত্রের মুখে তাদের জিম্মি করে ডাকাতরা লুটপাট চালায়। ডাকাতরা আলমারি ভেঙ্গে ১৬ ভরি স্বর্ণালংকার, ৩লক্ষ ৬০হাজার টাকা, মোবাইল সেটসহ ৪০লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। একপর্যায়ে তাদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে প্রাণনাশের হুমকি দিয়ে ডাকাতরা পালিয়ে যায়। এ ব্যাপারে মাছুম দেওয়ান রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।
রূপগঞ্জ থানার ওসি মোহাম্মদ সবজেল হোসেন বলেন, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।