আসিফ জামান, ঠাকুরগাঁও প্রতিনিধি:বিএনপি সরকার গঠন করলে ইশতেহার বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে ঠাকুরগাঁও শহরের কালিবাড়ি এলাকার নিজ বাসভবনে ভোটের প্রতিক্রিয়ায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল ঠাকুরগাঁও-১ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন। নির্বাচনের ফলাফলে তিনি বেসরকারিভাবে জয়ী হয়েছেন।
মির্জা ফখরুল আরও বলেন আমি ঠাকুরগাঁওয়ের মানুষকে আবারও কৃতজ্ঞতা জানাতে চাই, তারা আবারও আমাকে তাদের ঋণের বন্ধনে বাঁধল। এখন আমার সবচেয়ে বড় চিন্তা এই ঋণ আমি কীভাবে শোধ করব। আমি চেষ্টা করব কাজের মধ্য দিয়ে, তাদের কল্যাণের মধ্য দিয়ে এই ঋণ শোধ করতে।
যদি আমরা সেই সুযোগ পাই, তাহলে ঠাকুরগাঁওয়ে আমার প্রথম কাজ হবে এখানকার শিক্ষিত ও কর্মক্ষম তরুণদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা। যতটা সম্ভব বেকারত্ব কমিয়ে আনা এবং নতুন নতুন কর্মক্ষেত্র তৈরি করা।
এরপর আমাদের এই কৃষিপ্রধান অঞ্চলে কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলার পরিকল্পনা আছে। আমার আরও বেশ কিছু প্রতিশ্রুতি আছে এবং আমি সেগুলো পূরণ করতে চাই।
আমরা আমাদের ইশতেহারে যা বলেছি, তা এত অল্প সময়ে বিস্তারিত বলা সম্ভব নয়। তবে আমরা দেশকে একটি গণতান্ত্রিক এবং অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশে পরিণত করতে চাই। দারিদ্র্য দূর করা এবং সুশাসন নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।
আপনারা দেখেছেন, ২০১৬ সালে আমাদের ‘ভিশন ২০৩০’ এবং ২০২৩ সালে আমরা যে ৩১ দফা দিয়েছি, সেখানেও আমরা এই বিষয়গুলোই উল্লেখ করেছি—জনগণের সকল সমস্যা সমাধান করা, রাষ্ট্রকে সংস্কার করা, গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা এবং অর্থনীতিকে সচল করা।”
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে বিশাল ভোটের ব্যবধানে ৯৭ হাজার ৩৬৯ ভোট বেশি পেয়ে জয়ী হয়েছেন বিএনপির মহাসচিব ধানের শীষের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ১৮৫টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী তিনি মোট ২ লাখ ৩৬ হাজার ৩০৮ টি ও পোস্টাল ভোট পেয়েছেন ১৬৫৮ টি।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী দেলাওয়ার পেয়েছেন এক লাখ ৩৮ হাজার ৯৩৯ ভোট। অন্যদিকে, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মো. খাদেমুল ইসলাম পেয়েছেন ৩ হাজার ৯১৪টি ও পোস্টাল ভোট পেয়েছেন ১৪৪৬।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ভোট গণনা শেষে বেসরকারিভাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।