সাজ্জাদ আহমেদ মাসুদ, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সংসদ সদস্য এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, গলাচিপা-হরিদেবপুর খেয়াঘাটে পারাপারের ভাড়া ৫ টাকার বেশি নেওয়া যাবে না। যারা এই ঘাটের ইজারা নিতে আগ্রহী, তারা যেন ৫ টাকায় পারাপার নিশ্চিত করতে সক্ষম হলে তবেই ইজারা সিডিউল সংগ্রহ করেন। বুধবার রাতে নিজের ফেসবুক পোস্টে তিনি এ কথা বলেন। পোস্টে নুরুল হক নুর বলেন, ‘যারা ৫ টাকায় পারাপার করতে পারবেন তারা ইজারা সিডিউল নেন। ৫ টাকায় আপনাদের না পোষালে নিয়েন না। পরবর্তীতে এ নিয়ে কারও সঙ্গে সমঝোতার জন্য ঘুরলেও কোনো কাজ হবে না।
তিনি আরও বলেন, ‘জনগণের ওপর অতিরিক্ত ভাড়া চাপানোর উদ্দেশ্যে বেশি টাকায় ইজারা নেওয়া হলে জেলা পরিষদ চাইলে ৫ টাকা ভাড়া নির্ধারণ করে খাস কালেকশনের মাধ্যমে ঘাট পরিচালনা করতে পারে।’ এমপি নুর বলেন, ‘একজন জনপ্রতিনিধি হিসেবে জনগণের সেবা ও কল্যাণ নিশ্চিত করাই তার অঙ্গীকার। আপনি কত টাকায় ইজারা নিচ্ছেন বা আপনার কী খরচ, সেটা আমার কাছে বিবেচ্য নয়। জনগণের স্বার্থই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।’ তিনি সতর্ক করে বলেন, ‘ভবিষ্যতে এই ঘাটে ৫ টাকার বেশি ভাড়া আদায় করতে দেওয়া হবে না।’ স্থানীয় সূত্রে জানা গেছে, বর্তমানে গলাচিপা-হরিদেবপুর খেয়াঘাটে পারাপারের জন্য জনপ্রতি ১০ টাকা করে ভাড়া নেওয়া হচ্ছে। প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ এই ঘাট ব্যবহার করে পারাপার হয়ে থাকেন।