এম আর পলাশ, বিশেষ প্রতিনিধি: নওগাঁ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি চৌকস দল বিশেষ অভিযান চালিয়ে ৫ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ফজলে রাব্বি (২৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় বদলগাছি থানা এলাকায় এই মাদক বিরোধী অভিযান পরিচালিত হয়। ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি আভিযানিক দল জানতে পারে যে, বদলগাছি থানার আরচা গ্রামের এক ব্যক্তি তার বাড়ির ছাদে গাঁজা শুকানোর কাজ করছে।
সংবাদের সত্যতা যাচাইয়ে ডিবি পুলিশের টিমটি স্থানীয় লোকজনকে সাথে নিয়ে আরচা গ্রামের জাহিদুলের ছেলে ফজলে রাব্বির বাড়িতে তল্লাশি চালায়। তল্লাশিকালে আসামির দেখানো মতে বাড়ির ছাদে গিয়ে দেখা যায়, বিক্রির উদ্দেশ্যে সেখানে ৫ কেজি ৫০০ গ্রাম ‘স্বল্প ভেজা’ গাঁজা রোদে শুকানো হচ্ছে। উপস্থিত সাক্ষীদের সামনে পুলিশ উক্ত মাদকদ্রব্য জব্দ করে এবং অভিযুক্ত ফজলে রাব্বিকে গ্রেফতার করে। এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখা জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বদলগাছি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের এই জিরো টলারেন্স নীতি ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।