নিজস্ব প্রতিবেদক: ফতুল্লার কুতুবআইল-কাঠেরপুল জুড়ে ৫ আগস্ট পূর্ববর্তী অধিকাংশ যুবলীগ-ছাত্রলীগ নেতাকর্মী গা বাঁচাতে বিএনপি নেতাদের ছায়াতলে আশ্রয় নেওয়ার খবর বেশ পুরনো। সম্প্রতি, সেই যুবলীগ-ছাত্রলীগ নেতারাই প্রকাশ্যে নিজেদের যুবদল-ছাত্রদল নেতা পরিচয়ে দেদারসে নানা অপকর্মে লিপ্ত হচ্ছে। তার উপর ওই এলাকায় আওয়ামী লীগের চিহ্নিত অফিসকে বিএনপির অফিস বানানোর পায়তারা করার অভিযোগ উঠেছে এদের বিরুদ্ধে। এলাকাবাসী বলছে, যে অফিস আওয়ামী লীগের ছিল সে অফিস কি করে বিএনপির হয়! বিএনপির জেলা ও থানা পর্যায়ের নেতারা এখনো কোনরকম ব্যবস্থা নেয়নি চিহ্নিত ওই আওয়ামী দোসরদের বিরুদ্ধে। অনতিবিলম্বে আওয়ামী দোসর শান্ত-বাপ্পির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে বিএনপির তৃণমূল পর্যায়ের নেতা কর্মীরা।
খোঁজ নিয়ে জানা যায়, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাবস্থায় ফতুল্লার কুতুব আইল – কাঠেরপুল জুড়ে ছিনতাই-চাঁদাবাজি সহ এমন কোন অপকর্ম নেই যা করেনি ছাত্রলীগের নেতা শান্ত ও বাপ্পি। ৫ আগস্টের পর বছরখানেক চুপচাপ থাকলেও সম্প্রতি মাথা চাড়া দেয়ার চেষ্টা করছে আওয়ামী সংশ্লিষ্টরা। এলাকাবাসীর আশঙ্কা, নব্য গুটিকয়েক বিএনপি নেতার শেল্টারে ফতুল্লা থানা যুবলীগ নেতা আজমতের ভাতিজা বাপ্পি-শান্ত থেকে শুরু করে অনেকেই নতুন করে প্রভাব বিস্তারের চেষ্টা করছে। এরইমধ্যে, কিছু জায়গায় চাঁদাবাজির অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। এছাড়াও মাদক কারবার এবং শেল্টার দেয়া এদের নিত্যদিনের কান্ড বলেও জানা গেছে।