মোঃ হাফিজুল ইসলাম শান্ত স্টাফ রিপোর্টার:প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থাপন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক বলেছেন, নির্বাচনে যারা তার জন্য কাজ করেছেন, তারাই তার “বড় আত্মীয়”। তিনি আশ্বাস দিয়েছেন, নিজের সঙ্গে যারা রয়েছেন, তারা অন্যায় ও অবিচার করবেন না।
তিনি বলেন, “যারা অসহায়, তাদের আমরা চাকরি, ব্যবসা-বাণিজ্যের মাধ্যমে সহায়তা করবো, কিন্তু ক্ষুদ্র সাহায্য দিয়ে সম্মান নষ্ট করা যাবে না। ছোটখাটো হেল্প লাগলে আমি নিজে করবো।”
প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেছেন, নির্বাচনের সময় মাঠে যারা কাজ করেছেন, তাদের কেউ অপমানিত হয়নি। বিজয় সম্ভব হয়েছে সাধারণ মানুষের সমর্থনে। নির্বাচনে চরকাজল ও চরবিশ্বাসের মানুষরা মনোযোগীভাবে কাজ করেছেন এবং সাধারণ মানুষই তাঁকে জয়ী করেছেন।
তিনি বলেন, “এ এলাকার জামায়াত ও চরমোনাই সমর্থকরাও আমাদের ভোট দিয়েছেন। হিন্দু সম্প্রদায়ের মানুষরাও গলাচিপা গিয়ে আমাদের জন্য ভোট দিয়েছেন।”
রবিবার সন্ধ্যায় পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরকাজল হাইস্কুল মাঠে ঈদ পুণর্মিলনী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক।
গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়ন শাখার গণঅধিকার পরিষদের আহ্বায়ক মো. আনিসুর রহমান দফাদারে সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা গণঅধিকার পরিষদের (জিওপি) যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহআলম, গলাচিপা উপজেলার আহ্বায়ক মো. হাফিজুর রহমান, চরশিবা সাংগঠনিক ইউনিয়ন শাখার আহ্বায়ক আব্দুস সোবাহান গাজী, চরকাজল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. হাবিবুর রহমান প্রমুখ।
নুরুল হক আরও বলেন, চরকাজল ও চরবিশ্বাসে এমবিবিএস ডাক্তার বসানো এবং থানা স্থাপনের পরিকল্পনা চলছে, যাতে স্থানীয় মানুষের প্রয়োজন মিটে।