নিজস্ব প্রতিবেদক, লক্ষ্মীপুরঃ লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির বর্তমান ৪ (চার) তলা ভবন ভেঙে একই স্থানে নতুন ১০ তলা ভবন নির্মাণের অনুমোদন দিয়েছে সরকার।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে ০২ এপ্রিল ২০২৬ তারিখে জারি করা এক অফিস আদেশে এ অনুমোদনের কথা জানানো হয়।
প্রকাশিত আদেশে উল্লেখ করা হয়, জেলা আইনজীবী সমিতির বর্তমান ভবনটি ভেঙে পূর্বের আকার ও আয়তন (দৈর্ঘ্য-প্রস্থ) অপরিবর্তিত রেখে একই স্থানে নতুন ভবন নির্মাণ করা হবে। নির্মাণকাজের সময় সকল প্রকার নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।এদিকে, সরকারি এই অনুমোদনপত্রটি লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির বর্তমান সভাপতি মনিরুল ইসলাম হাওলাদার এর হাতে আনুষ্ঠানিকভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
শর্তসাপেক্ষে অনুমোদন
নতুন ভবনের সাইটে Cash-in-situ পাইলিং রডের মাধ্যমে ফাউন্ডেশন নির্মাণ করতে হবে। প্রয়োজনে Deep excavation করতে হলে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে হবে।
ভবন নির্মাণের ক্ষেত্রে বিদ্যমান আইন, বিধি-বিধান ও নীতিমালা কঠোরভাবে অনুসরণ করতে হবে।
সংশ্লিষ্ট দপ্তরে নির্দেশনা
এই অনুমোদনের অনুলিপি লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ, পানি সম্পদ মন্ত্রণালয় এবং গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।
সরকারের এ সিদ্ধান্তে জেলা আইনজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে। নতুন ভবন নির্মিত হলে আইনজীবীদের জন্য আধুনিক ও সুবিধাসম্পন্ন কর্মপরিবেশ তৈরি হবে।