রাজশাহী ব্যুরো : চাঁপাইনবাবগঞ্জ শহরের মহানন্দা সেতু এলাকায় একটি মালবাহী ট্রাকে তল্লাশি চালিয়ে সাড়ে ৪৯ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার রাত ১২টার দিকে এ অভিযান চালানো হয়।
আটক ব্যক্তিরা হলেন—হবিগঞ্জের মাধবপুর উপজেলার উত্তর বরক গ্রামের আলফাজ মিয়া (৪০), ট্রাকচালক রাজশাহীর দুর্গাপুর উপজেলার রকি আহমেদ (২৮) এবং হেলপার সানোয়ার আহমেদ (২৫)।
র্যাব-৫ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল মহানন্দা সেতুর টোল প্লাজা এলাকায় অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন একটি মালবাহী ট্রাক থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশিকালে ট্রাকের ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা সাড়ে ৪৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটির পাশাপাশি ১৩০ বস্তা গার্মেন্টস ঝুট তুলা, দুটি শ্যালো মেশিন, ৪টি মোবাইল ফোন এবং নগদ ১২ হাজার ৮০০ টাকা জব্দ করা হয়েছে।
র্যাব জানায়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ঝুট তুলা বা অন্য পণ্যের আড়ালে দেশের বিভিন্ন প্রান্তে মাদক সরবরাহ করে আসছিলেন। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে বলে নিশ্চিত করেছে র্যাব-৫ কর্তৃপক্ষ।