রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় বিদেশগামীদের জন্য পুলিশ ক্লিয়ারেন্স করে দেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে কথিত দালাল চক্রের মূল হোতা হাবিব ভূইয়ার বিরুদ্ধে। ভুক্তভোগী মোঃ নিশান অভিযোগ করে জানান, পুলিশ ক্লিয়ারেন্স দ্রুত করে দেওয়ার আশ্বাস দিয়ে হাবিব ভূইয়া তার কাছ থেকে ৩২ হাজার টাকা নেন। তবে দীর্ঘ সময় পার হলেও তিনি কোনো ধরনের ক্লিয়ারেন্স পাননি। এ বিষয়ে বারবার যোগাযোগ করা হলে নানা অজুহাত দেওয়া হয়। নিশান আরও জানান, অভিযুক্ত হাবিব ভূইয়া তাকে জানান—তার ফাইল নাকি মন্ত্রণালয়ের “১২ নম্বর টেবিলে” আটকে রয়েছে। নির্বাচনী কার্যক্রমের কারণে কাজটি সাময়িকভাবে বন্ধ রয়েছে এবং নির্বাচন শেষ হলে দ্রুতই ক্লিয়ারেন্স সম্পন্ন হবে বলে আশ্বাস দেন।
অভিযোগের বিষয়ে হাবিব ভূইয়ার সাথে কথা হলে তিনি দাবি করেন, নির্বাচনের আগে ফাইলটি মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। তবে নির্বাচনজনিত ব্যস্ততার কারণে প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে। নির্বাচন শেষ হলে কাজ সম্পন্ন হবে বলেও তিনি জানান। এদিকে স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি চক্র বিদেশে পাঠানোর কথা বলে পুলিশ ক্লিয়ারেন্সসহ বিভিন্ন প্রয়োজনীয় কাগজপত্র করে দেওয়ার নামে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে। এতে প্রতিনিয়ত প্রতারিত হচ্ছেন সহজ-সরল মানুষ। স্থানীয় সচেতন মহল ও ভুক্তভোগীরা এ ঘটনায় সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত হাবিব ভূইয়া রায়পুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের টিএনটি রোড, কাঞ্চনপুর নতুন বকশি বাড়ির কবিল ভূইয়ার ছেলে। তার বিরুদ্ধে ২০২০ থেকে ২০২৩ সাল পর্যন্ত ইয়াবা ব্যবসার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে। এমনকি তাকে স্থানীয়ভাবে একটি চক্রের গডফাদার হিসেবেও উল্লেখ করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের সময় তিনি কিছুদিন আত্মগোপনে ছিলেন বলেও জানা গেছে। বর্তমানে তার বিরুদ্ধে পুনরায় মাদক বাণিজ্যে জড়িত থাকার অভিযোগ রয়েছে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ: এ বিষয়ে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।