নিজস্ব প্রতিবেদক, বন্দরঃ নারায়ণগঞ্জ বন্দরের কলাবাগ এলাকায় মানবিকতার চরম অবমাননা ও ভূ-সম্পত্তি দখলের এক ন্যাক্কারজনক চিত্র ফুটে উঠেছে। দীর্ঘ ৩৫ বছর ধরে দুই এতিম ও শারীরিক প্রতিবন্ধী ভাই—হালিম ও সাইদুরের পৈত্রিক সম্পত্তি দখল করে বহুতল ভবন নির্মাণ করে ভোগদখল করার অভিযোগ উঠেছে সাবেক জামায়াত ইসলামের নেতা ও ইটালী প্রবাসী ব্যবসায়ী নুরুল ইসলাম এবং তার ভাই বোরহানের বিরুদ্ধে। প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও তিন দশকে কোনো প্রতিকার পায়নি অসহায় পরিবারটি।
প্রাপ্ত তথ্যানুযায়ী, বন্দর ইউনিয়নের ১নং ওয়ার্ডের কলাবাগ এলাকায় প্রায় ১২ শতাংশ জমি নিয়ে এই বিবাদ। অভিযোগ রয়েছে, দীর্ঘ ৩০ বছর আগে মৃত সালাউদ্দিন সরদার কোনো বৈধ দলিল ছাড়াই জোরপূর্বক এই জমিটি দখল করেন। তার মৃত্যুর পর তার বড় ছেলে, সাবেক ছাত্রশিবির নেতা নুরুল ইসলাম সেই জমিতে অবৈধ বসতি ও আধিপত্য বজায় রেখেছেন। বর্তমানে সে জামায়াত ইলামামী নেতা নুরুল ইসলাম প্রবাসে থাকলেও তার ভাই বোরহানের মাধ্যমে প্রতিবন্ধী পরিবারটিকে এলাকাছাড়া করার পায়তারা চালাচ্ছেন বলে জানা গেছে।
ভুক্তভোগী সাইদুর রহমান অত্যন্ত আবেগজড়িত কণ্ঠে জানান:”দীর্ঘ ৩৫ বছর ধরে আমাদের ওয়ারিশকৃত সম্পত্তি সালাউদ্দিন গং দখল করে আছে। তাদের কোনো বৈধ দলিল নেই। আমরা যখনই আমাদের জমি ফেরত চেয়েছি, নুরুল ইসলাম ও তার ক্যাডার বাহিনী আমাদের প্রাণনাশের হুমকি দিয়েছে। এমনকি বিগত সরকারের পরিবর্তনের পরও তাদের দাপট কমেনি। আমরা এখন নিজ বাড়িতেই নিরাপত্তাহীনতায় ভুগছি।”
তিনি আরও জানান, স্থানীয় থানায় জিডি এবং অভিযোগ করেও কোনো কার্যকর ফল মেলেনি। ২ বছর আগে সালিশি বিচারের আবেদন করলেও অজ্ঞাত কারণে বিষয়টি ঝুলিয়ে রাখা হয়েছে।
এলাকাবাসী ও স্থানীয় মুরুব্বিরা একবাক্যে স্বীকার করেছেন যে, এই জমির প্রকৃত মালিক প্রতিবন্ধী হালিম ও সাইদুররা।
মোসলে উদ্দিন মাস্টার (সাবেক সভাপতি, কলাবাগ পঞ্চায়েত কমিটি): “আমি জানি এই জায়গার প্রকৃত মালিক রুস্তম মিয়ার ছেলে হালিম ও সাইদুররা। একাধিকবার বিচার-সালিশ হলেও নুরুল ইসলাম ক্ষমতার দাপটে দখল ছাড়েনি। অসহায় পরিবারটি এখন মানবেতর জীবন কাটাচ্ছে।
মাঈনুদ্দিন মানু (সভাপতি, কলাবাগ সমাজ কল্যাণ মুক্ত সংঘ): “নুরুল ইসলাম প্রশাসনকে ম্যানেজ করে দীর্ঘকাল এই জমি আটকে রেখেছে। যারা ধর্ম ও ইনসাফের কথা বলে, তারা কীভাবে অন্যের হক এভাবে মেরে খায়, তা দেখে আমরা বিস্মিত। আমরা চাই যার জমি তাকে বুঝিয়ে দেওয়া হোক।
অসহায় প্রতিবন্ধী এই এতিম পরিবারটি এখন কেবল আইনি প্রতিকারের আশায় দিন গুনছে। ক্ষমতার পটপরিবর্তন হলেও ভাগ্য বদলায়নি এই অসহায় ভাইদের। তারা বর্তমান বিএনপি সরকার, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর নিকট আকুল আবেদন জানিয়েছেন—যাতে দ্রুত তদন্তের মাধ্যমে অবৈধ দখলদারদের উচ্ছেদ করে তাদের পৈত্রিক ভিটা ফিরিয়ে দেওয়া হয়।