বাউফল(পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফলে নিস্তব্ধ রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মুহূর্তেই ছাই হয়ে গেছে তিনটি বসতঘর। বুধবার (৮ এপ্রিল) রাত দেড়টার দিকে সদর ইউনিয়নের বিলবিলাস গ্রামের সুন্দর আলী খান বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তরা হলেন আব্দুস সালাম খান, জালাল খান ও খলিল খান। আগুনে তাদের বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। প্রাথমিকভাবে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। স্থানীয়দের ভাষ্য, গভীর রাতে হঠাৎ জালাল খানের ঘরে আগুনের সূত্রপাত হয়। দ্রুত তা ছড়িয়ে পড়লে এলাকাবাসী প্রাণপণ চেষ্টা চালিয়েও নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হন।
এক পর্যায়ে আগুন পাশের ঘরগুলোতেও ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে, ফলে আশপাশের আরও ঘরবাড়ি রক্ষা পায়। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, একটি পুরনো সিলিং ফ্যানের শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। এ ঘটনায় এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখন নিঃস্ব হয়ে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে।