বাউফল(পটুয়াখালী)প্রতিনিধিঃপটুয়াখালীর বাউফল বিলবিলাশ আবদুর রশিদ মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) দুপুরে বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে দিনব্যাপী এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের অধ্যক্ষ খায়রুল আলম।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, শিক্ষার্থীদের জীবনে শৃঙ্খলা গঠনে শারীরিক শিক্ষা (পিটি) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “মানুষের জীবন গঠিত হয়েছে পরিশ্রমের মাধ্যমে। যে যত বেশি পরিশ্রম করবে, সে তত বেশি সফল হবে।”
তিনি আরও বলেন, সমাজে সেবক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে আগে নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি দোয়া করে বলেন, “তোমরা যেন ভবিষ্যতে আমাদের চেয়েও বড় হও।”
বিদ্যালয়ের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, বিদ্যালয়ের মাঠে বালু দেওয়ার বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে।
এসময় বগা সেতু প্রসঙ্গে তিনি বলেন, সংসদে বিভিন্ন মন্ত্রণালয়ের কাছে প্রয়োজন অনুযায়ী দাবি উত্থাপন করা হয়। তিনি বিমান মন্ত্রীর কাছে পটুয়াখালীতে বিমান বন্দর সংক্রান্ত বিষয় এবং আইনমন্ত্রীর কাছে বাউফলে আদালত প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন।
তিনি বলেছেন, বগা সেতু নিয়ে যখন সংসদে সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে কথা বলার সুযোগ আসবে তখন নিশ্চয়ই সুযোগটি কাজে লাগাবো। ইনশাআল্লাহ।
মাদকবিরোধী বক্তব্যে তিনি বলেন, মাদক নির্মূলে সমাজের সকলকে একযোগে কাজ করতে হবে। তিনি বলেন, “বাউফলের উন্নয়ন ও সুরক্ষায় সবাইকে দায়িত্ব নিতে হবে। মাদকের উৎস অনেকাংশে কমেছে, ভবিষ্যতে এটি সম্পূর্ণ নির্মূল করা সম্ভব।”
এ সময় শিক্ষার্থীদের জন্য তিনি তিনটি উপদেশ তুলে ধরেন- আল্লাহর নির্দেশ পালন, মা-বাবার কথা শোনা এবং শিক্ষকদের নির্দেশ মেনে চলা; এই তিনটি বিষয় অনুসরণ করলে জীবনে সফল হওয়া সম্ভব বলে তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম, বাউফল সদর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আবদুস সোবহান, অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম, অ্যাডভোকেট আবুল কাশেমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এরপর দুপুর দেড়টায় উপজেলার মধ্য মদনপুরা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন সংসদ সদস্য ড.শফিকুল ইসলাম মাসুদ।